তরিকুল ইসলাম ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ১ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, ডাকাতির ঘটনায় ১ জন, মাদকসেবী ৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকসেবী হিসেবে মোঃ রাসেল, মোঃ সুজন, মোঃ আব্দুল কুদ্দুস, রাজন সাহা, মোস্তাফিজুর রহমান মিঠু ও মোঃ রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মোঃ আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। ডাকাতির ঘটনায় ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মোঃ নকিবকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।