ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের নিজস্ব অর্থায়নে অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা, ভালোবাসা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার মহৎ লক্ষ্য নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’। মানবিক সেবা, সামাজিক দায়বদ্ধতা ও শিশুদের কল্যাণে এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় আনন্দ মহল অনাথ আশ্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। সমাজসেবক ও ফুলবাড়ী উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জনাব মোঃ শাহাদৎ আলী সাহাজুল ইসলাম আশ্রমটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের দক্ষিণ এশিয়া ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যকরী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান জনাব মোঃ আনন্দ মহল সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল মানবিক মূল্যবোধ, সামাজিক সহযোগিতা ও অসহায় শিশুদের কল্যাণে সম্মিলিত প্রয়াসের এক অনন্য দৃষ্টান্ত। অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের শুধু আশ্রয় প্রদান নয়, বরং তাদের শিক্ষা, নৈতিকতা, মানসিক বিকাশ এবং আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়েই এ আশ্রমের যাত্রা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এ সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্ট বাংলাদেশ ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদলও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতির নির্দেশনায় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ দিনাজপুরের ফুলবাড়ীতে আয়োজিত এ মানবিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, আনন্দ মহল অনাথ আশ্রমের মতো উদ্যোগ সমাজের বিত্তবান, সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও সমাজসেবীদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সেবার যে বার্তা ছড়িয়ে পড়েছে, তা দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিবৃন্দ।

মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর জীবনে—আনন্দ মহল অনাথ আশ্রম হয়ে উঠুক নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যতের ঠিকানা।