
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ০৪ ফেব্রুয়ারি বুধবার ছয় ঘটিকায় নারায়ণগঞ্জ ক্লাবে এ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে মানবাধিকার রক্ষায় সংগঠনের দায়িত্ব, ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিষ্ঠা কেবল একটি দায়িত্ব নয়, এটি একটি নৈতিক অঙ্গীকার। সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ মানবাধিকার কমিশনের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ, সভাপতি, আমরা নারায়ণগঞ্জবাসী। তিনি মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ ভূঁইয়া ও সৈয়দ আজমল হক, ডেপুটি গভর্নর (সদর দপ্তর), মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড এবং এক হাসেম শকু, সাবেক কাউন্সিলর ১২ নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বিশেষ বক্তব্য রাখেন মোঃ সুমন মাস্টার, সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল। তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সভাপতির বক্তব্যে মোঃ মহিউদ্দিন মাহমুদ, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর শাখা বলেন, নতুন কমিটি নারায়ণগঞ্জ মহানগরে মানবাধিকার সুরক্ষায় আইনি সহায়তা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে।
এছাড়া মনির হোসেন (মেজর), সভাপতি, নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখা মানবাধিকার কমিশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই সংগঠন মানুষের ন্যায়বিচার পাওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত ও প্রতিবেদন প্রস্তুত, ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের মাঝে মানবাধিকার বিষয়ে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। এ সময় অতিথিরা নতুন কমিটির সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, এই কমিটি নারায়ণগঞ্জ মহানগরে মানবাধিকার প্রতিষ্ঠায় একটি দৃঢ় ও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মহানগর শাখার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় একে অপরের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।