র্যাব-১১ এর অভিযানে ফতুল্লার দক্ষিণ সন্তাপুর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন দক্ষিণ সন্তাপুর এলাকার শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশের বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই এলাকায় অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করে বালুর মাঠসংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এয়ার রাইফেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব কাজ করে যাচ্ছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে র্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।