সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ২২ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এক আসামি, সন্ত্রাসবিরোধী মামলার এক আসামি, পুরাতন মামলার এক আসামি ও নয়জন মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. ফজল হক (৩৮), মো. ফিরোজ (৩০), মো. আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), মো. রায়হান নিলয় (১৯), মো. মঞ্জুর হোসেন (৪৫), মো. ইমরান হোসেন সজীব (২৪), মো. সায়েম (৩০) ও মো. আতিকুর রহমান (২২)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় মো. হাকিম উদ্দিন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
মাদক মামলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুরাতন মামলায় পিয়ার (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।