
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৬ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। রাত্রীকালীন টহলের সময় তারা খবর পান যে, বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হলে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।