
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারানো চার মার্কিন সেনার নাম তালিকা থেকে সরিয়ে নতুন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪-তে নামিয়ে এনে রোববার (২৬ জুলাই) ‘ওভারসিজ অপারেশন্স’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়। নতুন তালিকায় ১৭ ও ১৮ জুলাই জর্ডান ও ইরাকে নিহত চার সেনার নাম এবং ২০৭ জন আহতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস এবং মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, নিহতের সংখ্যা কমানোর বিষয়টি তথ্য গোপনের চেষ্টা নয়, বরং এটি একটি ‘উপাত্তের সাময়িক বিভ্রাট’ বা কারিগরি ত্রুটি। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে প্রশ্নের জন্য পেন্টাগনকে নির্দেশ দিলেও হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে পরে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে সংঘাতের মোট নিহতের সংখ্যা ১৮ জন বলে নিশ্চিত করেছিলেন। জুনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৭ জুলাই থেকে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর পেন্টাগন যুদ্ধকৌশল এবং হতাহতের তথ্য সরবরাহে অনীহা দেখাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।