
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, মামদানি শহরে বিভাজন, ঘৃণা ও ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছেন।
রোববার (২৬ জুলাই) ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ‘মামদানির উদ্দেশে আমার জবাব হলো, আমি নিউইয়র্কে আসব। জাতিসংঘের মঞ্চে সত্য তুলে ধরব এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলব।’
এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছিলেন, তিনি নিউইয়র্কে স্বাগত নন। নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি হামাসের প্রতি সহানুভূতিশীল এবং ৭ অক্টোবরের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছেন।
নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, হামাস বেসামরিক মানুষের মধ্যে অবস্থান নিয়ে তাদের নিরাপদ স্থানে যেতে বাধা দেয়, ফলে প্রাণহানির দায়ও তাদের।
নেতানিয়াহু নিউইয়র্ক সিটির নেতৃত্বের সমালোচনা করে বলেন, একজন মেয়রের দায়িত্ব হলো সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করা। তিনি মামদানির বক্তব্যের ফলে নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন।