দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, বৈদ্যেরবাজারে ভাঙা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক, খানাখন্দ ও জনদুর্ভোগের অবসানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনামুই গ্রামের আমান কোম্পানি সংলগ্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সোনামুই গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠত। পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হতো নানা প্রতিবন্ধকতা। এ অবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
সংস্কার কাজের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা এ উদ্যোগকে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ চরমে পৌঁছাত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদী।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে সড়কটির সংস্কার কাজ টেকসই ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংস্কার কাজ শেষ হলে সোনামুই গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।