কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির সাউদ ও হালিম আজাদ। এছাড়া কাচপুর যুব সমাজ সংগঠনের পরিচালক মো. মাহফুজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে কাচপুর পুরান বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচির প্রচারে ছিল পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং সৌজন্যে ছিল সোনারগাঁ রয়েল রিসোর্ট।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।