সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪, ইয়াবা ও হেরোইন উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী আইনে ১ জন, মাদকসেবী ১০ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), মো. হুমায়ন কবির (৩৫), মো. শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), মো. আবু সাঈদ (৩৮) ও মো. লিচু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় নোয়াকান্দি গ্রামের মো. রিপন (৩২) এবং বৈষম্যবিরোধী আইনের মামলায় জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. রতন মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।