নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

তরিকুল ইসলাম ঃ
মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘পরিক্রমা’। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সামাজিক উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার বিভিন্ন কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও নিরাপত্তাহীনতা বাড়ছে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক এবং তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
‘পরিক্রমা’র নেতৃবৃন্দ জানান, সংগঠনটির কার্যক্রম শুধু সভা-সমাবেশ, মানববন্ধন কিংবা প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতা সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তারা আরও বলেন, মাদকবিরোধী আন্দোলনকে কার্যকর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি তাদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও সামাজিকভাবে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
সৌজন্য সাক্ষাতে সরকারি মাদক নিয়ন্ত্রণ সংস্থার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা উঠে আসে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার একাত্মতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘পরিক্রমা’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি লাবনী আক্তার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট রহিমা আক্তার, সাফাত রেজা অন্ত, নুরুজ্জামান সাউদ, মনজুর হোসেন ডালিম, মো. ইমনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠন—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে চায় ‘পরিক্রমা’।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।