সোনারগাঁয়ে র্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১ এর অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিসি-১ এর একটি বিশেষ আভিযানিক দল সোনারগাঁ থানাধীন কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রমে জড়িত কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেন।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।