
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১।
ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ নারায়ণগঞ্জ ছাড়ছে। ফলে শহরসহ আশেপাশের অনেক আবাসিক এলাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কা বেড়ে যায়। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি বৃদ্ধি পায়।
এই প্রেক্ষাপটে, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১১ কর্তৃক জেলার বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
র্যাব-১১ জনগণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে।