
সোনারগাঁও প্রতিনিধি:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমোনাই ঘোষিত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় সোনারগাঁও পৌরসভার পানাম এলাকার আউয়াল ভিলায় আয়োজিত এ সভায় তিনি তার স্বপ্ন, সম্ভাবনা ও অঙ্গীকার তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি ফোর্স গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্ট্রিট লাইট বৃদ্ধি এবং বাসস্ট্যান্ড ও বাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে শিক্ষক নিয়োগ, বৃত্তি, মেডিকেল সেন্টার উন্নয়ন ও নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
কর্মসংস্থান সৃষ্টিতে বন্ধ কারখানা চালু, স্থানীয় নিয়োগ বাধ্যতামূলক, অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন উন্নয়নের মাধ্যমে ২ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের জন্য সহায়তা ডেস্ক এবং পরিবেশ রক্ষায় নদী দূষণ বন্ধ ও কারখানায় ইটিপি বাস্তবায়নের কথাও জানান।