
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তিন নারীসহ পরিবারের কয়েকজন সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে বাড়িতে থাকা নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে ঘরে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের একদল লোক আলী আজগর মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে ঘরে আগুন ধরিয়ে দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে আলী আজগর মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।