
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান।
অভিযান চলাকালে তরমুজের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে মো. মুছা নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।